ঊষার আলো রিপোর্ট : পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (০৩ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।
ইতিমধ্যে সারাদেশে ধর্মপ্রাণ মুসুল্লীগণ তারাবির নামাজ আদায় করেছেন। শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ শুরু হয়। রোজা রাখতে শেষরাতে সাহরি খাবেন মুসলমানরা। খুলনায় প্রথম দিন সাহরির শেষ সময় রাত ৪টা ৩১ মিনিট। রবিবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ২২ মিনিট।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিসর ও অস্ট্রেলিয়ায় শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে শনিবার (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হয়েছে। সাধারণত বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর রোজা শুরু হয়।
