ক্রীড়া প্রতিবেদক : পোর্ট এলিজাবেথ টেস্টে ফলোঅনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন শেষ করছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংস ধসে পড়েছে। দিনশেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান। এখনও তারা প্রোটিয়াদের থেকে ৩১৪ রান পিছিয়ে আছে। ফলোঅন এড়াতে আরো ১১৫ রান করতে মুশফিকদের। ম্যাচের বাকি আরও তিন দিন।
প্রোটিয়াদের হয়ে ডুয়াইন অলিভার ২টি আর উইয়ান মুল্ডার নিয়েছেন ৩ উইকেট। দিনশেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম ৩০* এবং ইয়াসির আলী রাব্বি ৮*। ফলোঅন এড়াতে টাইগারদের আরও কমপক্ষে ১১৫ রান করতে হবে।
পোর্ট এলিজাবেথ টেস্টে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ডুয়ানে অলিভিয়ের করা প্রথম ওভারের পঞ্চম বলে এরউইয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয় (০)। অলিভিয়েরের বলটি বাতাসে একটু সুইং করে পিচ করে মুভ করে বাইরে বেরিয়ে যাচ্ছিল। জয় ড্রাইভ করতে যাওয়ায় বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। এরপর ১২০ বলে ৭৯ রানের দারুণ জুটি গড়েন তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত।
মুল্ডারের জোড়া আঘাতে এই জুটি ভাঙতেই বাংলাদেশ বিপদে পড়ে যায়। ইনিংসের ২৩তম ওভারে ৫৭ বলে ৪৭ রান করা তামিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুল্ডার। ফিরতি ওভারে এসে তিনি ফের লেগ বিফোরে ফাঁদে ফেলেন শান্তকে (৩৩)। বিপদ আরও বাড়ে অধিনায়ক মুমিনুল হকের বিদায়ে। টানা ফর্মহীনতা ভূগতে থাকা মুমিনুল আজ ৬ রান করে মুল্ডারের তৃতীয় শিকার হন। ১০০ রানে পতন চতুর্থ উইকেটের। এরপর মঞ্চে ফের অলিভার। তার বলে লিটন দাসের (১১) স্টাম্প ছত্রখান হয়ে গেলে ১২২ রানে বাংলাদেশের ইনিংস অর্ধেক শেষ হয়! মুশফিক আর ইয়াসির ১৭* রানের অবিচ্ছিন্ন জুটিতে কোনো বিপদ ছাড়াই দিনের বাকি সময় পার করেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৫৩ রানে অল-আউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাইজুল ইসলাম শিকার করেছেন ৬ উইকেট। পেসার খালেদ আহমেদও খারাপ করেননি। তার শিকার তিনটি। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন কেশব মহারাজ। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছক্কা। এছাড়া অধিনায়ক ডিন এলগার ৭০, টেম্বা বাভুমা ৬৭ এবং কিগ্যান পিটারসেন ৬৪ রান করেন।
