বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা শহরে মাইকিং করে ঘুরে ঘুরে রাস্তায় বসে করোনা ভাইরাসের টিকা প্রদান করছে ভ্রাম্যমান স্বাস্থ্য কর্মীরা।
শনিবার (১৬ এপ্রিল) সকাল নয়টা থেকে জেলা শহরে এ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
বাগেরহাট পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর খান মোঃ রোকনুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারের টিকাদান কার্য্যক্রম শুরুর পর থেকে পৌরসভার স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত পৌরসভার ২৫ হাজার নাগরিককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। যার হিসাব মতে পৌরসভার ৯৫ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। কর্মব্যস্ততার কারনে শ্রমিক, দোকানদার, ব্যবসায়িসহ পৌরসভার অনেক নাগরিক এখনো টিকা নিতে পারেনি। এখনও যারা টিকা নেননি বা দ্বিতীয় ও তৃতীয় ডোজ বাকি রয়েছে তাদের জন্য আমরা একদিনের জন্য ভ্রাম্যমাণ টিকা কার্যক্রম পরিচালনা করছি।
বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম সকাল থেকে চলছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ভ্রাম্যমাণ দল করোনার টিকা নিয়ে অবস্থান করছে। মাইকিং করে টিকা যাদের এখনো বাকি রয়েছে তাদের ডেকে ডেকে স্বাস্থ্য কর্মীরা টিকা দিচ্ছেন। চলবে বিকেল ৩টা পর্যন্ত। করোনার টিকা নেন, এবং অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করুন এই প্রচারনাও চলছে মাইকে।
