ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেশ কয়েকটি অংশে মুজাহিদিন ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি প্রদর্শন করার জন্য গতকাল শনিবার (২৪ এপ্রিল) এ সামরিক মহড়া চালানো হয়। গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশেই ‘কার্যকর প্রতিশ্রুতি’ নামে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গাজার স্থল ও সমুদ্র ভাগে প্রতিরোধ যোদ্ধারা বিভিন্ন ধরণের যুদ্ধ-দৃশ্যের অবতারণা করে। সাম্প্রতিকালে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র আল-কুদস শহরে যেসব সহিংসতা চালাচ্ছে এই মহড়ার মাধ্যমে তারই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে্।
মুজাহিদিন ব্রিগেডের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনুষ্ঠিত এই মহড়ায় ফিলিস্তিনের হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। এই দুই সংগঠনের নেতারা কুদস শহরে বসবাসকারী নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
আল-কুদস শহরে গত কয়েকদিনের সংঘর্ষে বহু সংখ্যাক ফিলিস্তিনি আহত এবং প্রায় শতাধিক ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি বাহিনী। মাঝেমধ্যেই সেখানে ইহুদিবাদীরা তাদের মিছিল বের করছে ও আরবদের ধ্বংস কামনা করে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
(ঊষার আলো-এফএসপি)
