ঊষার আলো ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারাদেশে ৯শ’ ৭৩ কোটি টাকার ত্রাণ সহায়তা দেবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদেরও দেয়া হবে ৫ হাজার টাকা করে। ২ মে’র মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হবে। প্রায় ১ কোটি ২৪ লাখ পরিবার এই সুবিধা পাবে।
রোববার (২৫ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত করোনাকালে সরকারের ত্রাণ বরাদ্দ ও বিতরণ বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিন উপস্থিত ছিলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউয়ে চলাচল সীমিত করার নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এই পর্যন্ত ৫৭৪ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্প্রতি দেশের সব সিটি করপোরেশনের জন্য শিশু খাদ্য কিনতে আরও টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থের মাধ্যমে শিশু খাদ্য কিনে তা বিতরণ করা হবে। এর ফলে প্রায় ১ কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে।’
ডা. মো. এনামুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি কর্মহীন মানুষকে আর্থিক সহায়তাযর জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। তার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীরর মাঝে বিতরণের জন্য সাড়ে ৭ কোটি টাকার প্যাকেটজাত খাবার কেনা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, নুডুলস চিড়া রয়েছে। ১০ কেজি চালসহ প্রতিটি প্যাকেটের মধ্যে প্রায় ১৭ কেজি ওজনের খাদ্য সামগ্রী থাকবে, যা দিয়ে একটি পরিবারের প্রায় এক সপ্তাহ চলবে বলে আশা করা যায়। আরও ১০ কোটি টাকার খাদ্য সামগ্রী কেনা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য ৪০ কোটি টাকার ঢেউটিন কেনা হবে শিগগিরই। টিআর-কাবিখা খাতে ৩য় কিস্তিতে ৯৭৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর বাস্তবায়ন কার্যক্রম চলমান থাকায় কর্মহীন মানুষ এ কাজে অংশ নিতে পারবে।
(উষার আলো-এমএনএস)
