ঊষার আলো স্পোর্টস ডেস্ক : পরিবারের অনেক সদস্য করোনা আক্রান্ত। আক্রান্ত হয়েছে শ্বশুরবাড়ির অনেকেও। তাই মাঝপথেই আইপিএল ছেড়েছে দিল্লি ক্যাপিটলসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
২৫ এপ্রিল রোববার টুইটারে টুইট করে তিনি নিজেই এতথ্য জানিয়েছেন, সব ঠিক থাকলে দ্রুত খেলার মাঠে ফিরবেন তিনি। এদিকে অশ্বিনের বিদায় নেওয়ার এই খবরে রীতিমতো ধাক্কা খেয়েছে তার দল।
সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের পরই অশ্বিন টুইটারে বলেন, চলতি বছরের আইপিএল থেকে আমি বিরতি নিচ্ছি। আমার নিজের পরিবার করোনার বিরুদ্ধে লড়াই করছে। এই কঠিন সময়ে আমি তাদের পাশে থাকতে চাই। সব ঠিক হয়ে যাওয়ার পর আমি আবার খেলার মাঠে ফিরব।
এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২ হাজার ৮০৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ২৬ এপ্রিল সোমবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছে ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।
(ঊষার আলো- এম.এইচ)
