শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ-উৎসবের পাশাপাশি শৃঙ্খলা, সৌজন্যবোধ, নৈতিকতা ও সুস্থ সংস্কৃতিচর্চার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন এক প্রধান শিক্ষক। তিনি বলেছেন, বিদ্যালয় শুধু আনন্দ-উৎসবের জায়গা নয়, এটি মানুষ হওয়ার জায়গা। শিক্ষার্থীদের প্রতিটি আয়োজনের মধ্য দিয়ে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।
বছরের শেষ দিনে বিদ্যালয়ে আয়োজিত ক্লাস পার্টি উপলক্ষ্যে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের আনন্দ উদযাপনের ধরনেও পরিবর্তন এসেছে। একসময় বছরের শেষ ক্লাস শেষে শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল, বেঞ্চ ও ব্ল্যাকবোর্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা বিদায় নিত। বর্তমানে শিক্ষার্থীরা কেক কাটা, রঙিন পোশাক, খেলাধুলা, গান ও নাচের মাধ্যমে বছরের শেষ দিন উদযাপন করে। তবে আনন্দের নামে যেন শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সাংস্কৃতিক সৌন্দর্য নষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
ক্লাস পার্টির অনুমতি দেওয়ার আগে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আনন্দ ও উৎসবের আয়োজন করতে কোনো বাধা নেই। তবে বিদ্যালয়ের মর্যাদা রক্ষা করে শালীনতা, শৃঙ্খলা ও শিক্ষণীয় বিষয়কে গুরুত্ব দিতে হবে। আনন্দ যেন অপসংস্কৃতির অনুকরণ না হয়ে সুন্দর সংস্কৃতি ও পারস্পরিক ভালোবাসার প্রকাশ ঘটে।
তিনি আরও জানান, আয়োজিত ক্লাস পার্টিতে শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই রান্নাবান্নার আয়োজন করেন। চার পিরিয়ড ক্লাস শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। পরে রঙিন পোশাকে সজ্জিত হয়ে তারা খেলাধুলা, গান ও নাচে অংশ নেয়। শিক্ষকরাও শুধু দর্শক হিসেবে নয়, শিক্ষার্থীদের আনন্দের অংশীদার হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একপর্যায়ে মারুফ স্যার গিটার হাতে শিক্ষার্থীদের অনুরোধে গান গাওয়ার চেষ্টা করেন, যা শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্কের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে।
প্রধান শিক্ষক বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কেবল পাঠদান ও পাঠগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। এ সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা ও নির্মল আনন্দেরও জায়গা রয়েছে। শিক্ষার্থীদের হৃদয় জয় না করে তাদের সঠিক পথে পরিচালিত করা সম্ভব নয়। তাই শাসনের পাশাপাশি স্নেহ, নিয়মের পাশাপাশি মানবিকতা এবং পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনবোধের শিক্ষাও দিতে হবে।
বর্তমান সময়ে শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ কমে যাওয়া, শিক্ষকের অপমানকে প্রতিযোগিতার বিষয় করে তোলা এবং অভিভাবকদের অসহিষ্ণু আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, শিক্ষার্থীরা পরীক্ষায় ব্যর্থ হলে তাদের দুর্বলতার কারণ খুঁজে বের করে সংশোধনের উদ্যোগ নিতে হবে। অভিভাবকদেরও সন্তানের ভুলকে প্রশ্রয় না দিয়ে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় পাস করার নাম নয়; শিক্ষা হলো নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার নিরন্তর সাধনা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনকারী নয়, বরং সৎ, মানবিক, দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান শিক্ষকের মতে, বিদ্যালয়ের বিভিন্ন দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও ক্লাস পার্টির মূল উদ্দেশ্য শুধু আনন্দ দেওয়া নয়। এসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দলবদ্ধভাবে কাজ করা, একে অপরকে সম্মান করা, পরাজয় মেনে নেওয়া এবং বিজয়কে বিনয়ের সঙ্গে গ্রহণ করার শিক্ষা দিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীর দূরত্ব কমিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। একটি দিনের আনন্দ হয়তো সমাজের সব অসংগতি দূর করতে পারবে না, তবে একটি সুন্দর মুহূর্ত শিক্ষার্থীর মনে সারাজীবনের জন্য ভালোবাসা ও মানবিকতার বীজ বপন করতে পারে।
পরিশেষে তিনি বলেন, প্রতিটি ক্লাস পার্টি হোক আনন্দের পাশাপাশি শিক্ষার উৎসব, প্রতিটি সাংস্কৃতিক আয়োজন হোক সুস্থ সংস্কৃতিচর্চার ক্ষেত্র এবং প্রতিটি শ্রেণিকক্ষ হোক জ্ঞান ও মানবিকতার আলোকবর্তিকা।
ঊআ-মোচৌ
