UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দলিত জনগোষ্ঠীর আবাসন ও কর্মসংস্থানের আশ্বাস প্রশাসকের

Mohon Chowdhury
নভেম্বর ১৯, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার, আবাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক পরামর্শ সভায় তাদের আবাসনের ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাস দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের জিআইজেড সভাকক্ষে নাগরিক উদ্যোগ আয়োজিত এ পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আশ্বাস দেন।

সভায় খুলনা মহানগরীর দলিত জনগোষ্ঠীর আবাসন ও কর্মসংস্থান সংকট নিরসনসহ মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নাগরিক উদ্যোগকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, হরিজন সম্প্রদায়ের আবাসন সমস্যার সমাধানে আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বন্ধ রয়েছে। ভবিষ্যতে নতুন নিয়োগ শুরু হলে হরিজন সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সরাসরি স্থায়ী করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালঘাট ও জেলখানাঘাট সংস্কার করে হিন্দু সম্প্রদায়ের পূজা-পার্বণ উদযাপনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হবে।

নগরীর ৫ নম্বর ঘাট এলাকার রাধামাধব মন্দির ও কাশিয়ারবাড়ি মন্দির সংস্কারের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন এবং দ্রুত মন্দির দুটির সংস্কারকাজ শুরুর আশ্বাস দেন।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু এবং খুলনা মহানগর হরিজন ঐক্য পরিষদের সভাপতি কুমার লাল।

এ সময় নাগরিক উদ্যোগ, খুলনার ফিল্ড কো-অর্ডিনেটর পলাশ হালদার, অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার পবিত্র মন্ডল এবং প্রজেক্ট অফিসার জয়দেব দাস উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩ ও ২১ নম্বর ওয়ার্ডের দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

ঊআ-মোচৌ