UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্লুইস গেট নির্মাণ শুরু

Mohon Chowdhury
নভেম্বর ১৯, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্লুইস গেট কাম পাম্প হাউজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর রূপসা পাইকারি মৎস্য বাজার সংলগ্ন খালে এ নির্মাণকাজের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন এ প্রকল্প বাস্তবায়ন করছে।

উদ্বোধনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সিটি কর্পোরেশন এ প্রকল্প গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের সাফল্য অর্জিত হবে। জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে নগরবাসীকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে তা থেকে মুক্তি মিলবে। নগরবাসীকে সেবা প্রদানে খুলনা সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে সব কার্যক্রম সম্পন্ন করবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা শহরের প্রধান প্রধান এলাকার বড় ড্রেনগুলোর পানি রূপসার এ খাল দিয়ে নদীতে নিষ্কাশিত হয়। তবে জোয়ারের সময় ভারী বৃষ্টিপাত হলে খালের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নগরবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

নির্মাণাধীন আধুনিক রূপসা স্লুইস গেটটি নদীতে জোয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ সময় বৃষ্টির পানি আধুনিক পাম্পের সাহায্যে নদীতে নিষ্কাশন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর প্রধান অংশের জলাবদ্ধতা শতভাগ নিরসন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পের কাজ ২০২৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া কাস্টম ঘাট থেকে লবণচরা পর্যন্ত ছয়টি স্লুইস গেট একটি কেন্দ্রীয় ইউনিট থেকে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে খুলনা সিটি কর্পোরেশনের কার্যালয়ে বসেই কম্পিউটারাইজড পদ্ধতিতে এসব গেট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ