UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনার সাংস্কৃতিক চর্চা ধূসর হয়ে যাচ্ছে: নজরুল ইসলাম মঞ্জু

Mohon Chowdhury
নভেম্বর ১৯, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার সাংস্কৃতিক অঙ্গন দিন দিন ধূসর হয়ে যাচ্ছে। সাহিত্যচর্চা, কাব্যচর্চা ও নাট্যচর্চা আমরা প্রায় ভুলতে বসেছি। এমন সময়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনের এ আয়োজন আমাদের আশাবাদী করে তুলেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির বিলমনায়তনে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি-খুলনা তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভা। মাত্র ২১ বছরের জীবনে বাংলা কাব্যে তিনি যে অবদান রেখেছেন, তা আজও সাহিত্যাঙ্গনে সমানভাবে আলোচিত। তিনি শুধু প্রেম ও প্রকৃতির কবি ছিলেন না, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধেও তাঁর লেখনী ছিল প্রতিবাদমুখর। তাঁর অমর সৃষ্টি ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ আজও সাহিত্যাঙ্গনে বিশেষভাবে আলোচিত। এ কারণেই তিনি বাংলা সাহিত্যে ব্যতিক্রমী এক কবি হিসেবে প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ, দারিদ্র্য, বৈষম্য, অসহিষ্ণুতা ও মানবিক সংকটের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছেন এবং মানুষকে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য তাঁদের অন্যতম।

বাংলাদেশ গণশিল্পী সংস্থা-খুলনা জেলা শাখার সভাপতি কবি দুখু বাঙালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও নাট্যকার খায়রুল আলম সবুজ এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবুল ফারাহ পলাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি-খুলনার আহ্বায়ক মিনা মিজানুর রহমান। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কবির জীবন, সাহিত্যকর্ম ও সমাজ-সচেতনতামূলক লেখনীর বিভিন্ন দিক তুলে ধরা হবে।

ঊআ-মোচৌ