UsharAlo logo
, |

কুয়েটে গ্রেড-১০ম কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “গ্রেড-১০ম কর্মকর্তাবৃন্দের চাকুরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি বলেন, “শৃঙ্খলা হলো একটি প্রতিষ্ঠানের প্রাণ। বিধিবিধান সম্পর্কে সঠিক ধারণা নিয়ে দায়িত্ব পালন করলে বিশ্ববিদ্যালয় দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে।” তিনি আরও আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কর্মকর্তাদের জ্ঞান ও আচরণে গুণগত পরিবর্তন আনবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি বলেন, একটি গতিশীল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মকর্তাদের পেশাদারিত্ব বৃদ্ধি জরুরি, আর এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হলো নিয়ম-কানুন সম্পর্কে সঠিক ধারণা প্রদান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।

প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা এবং গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। দুইটি কারিগরি অধিবেশনে তারা চাকুরি বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সময়ানুবর্তিতা, ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল গ্রেড-১০ম কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত কর্মকর্তারা মতামত ব্যক্ত করেন যে, প্রশিক্ষণটি কর্মক্ষেত্রে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব উন্নয়নে সহায়ক হবে।

 

ঊআ-মোহন চৌধুরী