বাউলশিল্পী আবুল সরকারের কথিত খোদাদ্রোহী বক্তব্য ও ইসলামবিরোধী মতাদর্শের বিরুদ্ধে খুলনায় মানববন্ধন করেছে ‘জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ’। বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা শহরের পিকচার প্যালেস মোড়ে খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা আবুল সরকারের বক্তব্যকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নাস্তিকতা প্রচার’ হিসেবে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। পাশাপাশি কথিত বুদ্ধিজীবী ফরহাদ মজহারেরও আইনগত জবাবদিহিতা নিশ্চিত করার দাবি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া বলেন—
“ধর্মের অপব্যাখ্যা ও নাস্তিকতার সাফাই গাওয়া কোনোভাবেই সহনীয় নয়। ফরহাদ মজহার শুধুমাত্র আইন লঙ্ঘন করেননি, বরং দেশের কোটি মুসলমানের অনুভূতিকে উপহাস করেছেন। সংবিধানের প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার করে ইসলামকে হেয় করার দুঃসাহস দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া বন্ধ হবে না।”
তিনি আরও বলেন, “বাউল আবুল সরকারের নাস্তিকতাকে ধর্মীয় যুক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এ ধরনের আচরণ মানবে না।”
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন—
“ফরহাদ মজহারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকার প্রমাণ দিতে হবে।”
দেশবাসীর উদ্দেশে তিনি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, “ধর্ম ও আধ্যাত্মিকতার নামে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে—এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুফতী রকিব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী সৈয়দ খলিলুল্লাহ, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী হুমায়ূন কবীর, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী মাসহুদুর রহমান, শেখ মোঃ নাসির উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলালসহ বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও স্থানীয় দায়িত্বশীলগণ।
ঊআ-মোহন চৌধুরী
