UsharAlo logo
, |

খুলনায় বিএনপির সমাবেশে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিগত ১৬ বছরে পতিত আওয়ামী সরকার রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। তিনি বলেন, এই বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে আমাদের নেতা তারেক রহমান দুই বছর আগে ৩১ দফা ঘোষণা করেছিলেন, যা দেশের মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত। এ রূপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগোবে এবং সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) খুলনায় চলমান খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে এবং বিএনপি প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ১৬নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে এড. মনা এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জুলাই মাসের অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। ক্ষমতার লোভে তারা কতটুকু বিভৎস হতে পারে, তা দেশের মানুষ দেখেছে। তিনি অভিযোগ করেন, শেষ ১৫ মাসে খুলনা জেলা ও মহানগরে কমপক্ষে ৯৪ জন খুন হয়েছে, যার মধ্যে অর্ধশত খুন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে ঘটেছে। এভাবে নগরী চলতে পারে না এবং সন্ত্রাসমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেখ মোস্তফা কামালের সভাপতিত্বে ও শওকাত আলী বিশ্বাস লাবুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মনি, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীরা।

ঊআ-মোহন চৌধুরী