খুলনা : ‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের উপদেষ্টা ও কারিগরি কমিটির ৬ষ্ঠ সভা আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মোখতার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি খুলনা শহরের বায়ু দূষণজনিত সমস্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনেরও আহ্বান জানান তিনি। একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে সকলের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রশাসক।
স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কেসিসি এলাকায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সমন্বিত নগর সুশাসনের মাধ্যমে নগরবাসীর সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ পানীয় জল সরবরাহ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রয়েছে নগর পরিচালনায় সুশাসন, বহুমুখী সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।
সভায় জানানো হয়, চলতি বছরে মহানগরীর ৯টি স্কুলে ‘স্বাস্থ্যকর খাবার, শারীরিক পরিশ্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা’ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এছাড়া গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সভার অংশ হিসেবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়কে ‘হেলথ প্রোমোটিং স্কুল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রিক কার্যক্রমে অগ্রাধিকার দেওয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা ওয়াসা, বিটিসিএল, ওজোপাডিকো, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং বিভাগীয় শ্রম দপ্তরকে সম্মাননা দেওয়া হয়। বিভাগীয় শ্রম দপ্তরের অনুকূলে ‘হেলদি ওয়ার্কপ্লেস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। শহরের পাঁচটি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি কিন খুলনা’কে সম্মাননা এবং সাইকেল র্যালির কার্যক্রম খুলনার বাইরে সম্প্রসারণ করায় বেসরকারি সংস্থা ‘সিয়াম’কে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এবং সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন— কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, বিটিসিএল-এর উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম, ওজোপাডিকো’র এক্সিকিউটিভ ডিরেক্টর জ্যোতিষ চন্দ্র রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশিক উর রহমান, কুয়েটের প্রফেসর ড. তুষার কান্তি রায় ও ড. মনজুরুল মোর্শেদসহ কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।
ঊআ-মোহন চৌধুরী
