খুলনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে গড়ার উদ্যোগে শারীরিক কার্যকলাপ বৃদ্ধি, পরিবেশ ও জনস্বাস্থ্য সচেতনতায় অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন SEIAM (Social & Environmental Increasing Analysis Movement) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সম্মাননা পেয়েছে। খুলনা সিটি করপোরেশন ও NCDC’র সহযোগিতায় WHO পরিচালিত ‘হেলদি সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ‘স্বেচ্ছাসেবক সংস্থা বিভাগ’-এ এই সম্মাননা প্রদানের মাধ্যমে সিয়ামের অবদান স্বীকৃত করা হয়।
২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেন SEIAM-এর নির্বাহী পরিচালক এড. মোঃ মাছূম বিল্লাহ সহ সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, “অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং দৈনন্দিন জীবনধারায় ইতিবাচক পরিবর্তন অপরিহার্য।” সভায় স্বাগত বক্তৃতা দেন কেসিসি চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, এবং সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ।
উল্লেখ্য, SEIAM দীর্ঘদিন ধরে “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা”, তামাকমুক্ত বাংলাদেশ, কার্বন-ফ্রি পরিবেশ, সাইকেল রেলী, ম্যারাথন, জলাশয় সংরক্ষণসহ নগর স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। ২০২০ সালে WHO-র উদ্যোগে খুলনাকে ‘স্বাস্থ্যকর শহর প্রকল্পে’ অন্তর্ভুক্ত করা হয় এবং SEIAM শহরজুড়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, মাঠ-পার্ক ও জলাশয় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনটির এই স্বীকৃতি খুলনার স্বাস্থ্যবান্ধব ও টেকসই নগর গঠনের প্রচেষ্টায় নতুন উদাহরণ সৃষ্টি করছে।
ঊআ-মোহন চৌধুরী
