UsharAlo logo
, |

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দেলুটি ইউনিয়নে এমপি প্রার্থীর গণসংযোগ

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মসজিদ, বিদ্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তার আগমনে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং গণসংযোগটি এক পর্যায়ে জনসমাবেশের রূপ নেয়।

জকারুল্লাহ মন্ডল বাড়ি, মধুখালী জামে মসজিদ, জামতলা বাজার, গেওবুনিয়া প্রাথমিক বিদ্যালয়, চকরি-বকরি গ্রাম, দিঘুলিয়া জামে মসজিদ, আসাননগর হাইস্কুল, আলোকদীপ হাইস্কুলসহ দেলুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে জনগণের মাঝে পরিবর্তনের বার্তা পৌঁছে দেন তিনি। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গণসংযোগ চলাকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,
“আজ দাঁড়িপাল্লার গণজোয়ার শুরু হয়েছে। এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার অবসান ঘটাতেই জামায়াতে ইসলামী মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।” তিনি আরও বলেন, “দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ভগ্নদশায়, স্বাস্থ্যসেবা সংকটাপন্ন এবং রাস্তাঘাট ও বেড়িবাঁধগুলো অরক্ষিত। জনবান্ধব উন্নয়ন, টেকসই অবকাঠামো ও আধুনিক শিক্ষা ব্যবস্থাই হবে আমাদের প্রথম কাজ।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমি নির্বাচিত হলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায় করব। যত শক্তিধরই হোক, সাধারণ মানুষের অধিকারই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”
জামায়াতে ইসলামীর মূল দর্শন উল্লেখ করে তিনি বলেন, “জামায়াত চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দেবে না, দখলবাজি করে না কাউকে দখলবাজি করতে দেবে না, সন্ত্রাসী করে না কাউকে সন্ত্রাসী হতে দেবে না।”

গণসংযোগে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সাবেক সভাপতি রুহুল আমিন, দেলুটি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজীসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

ঊআ-মোহন চৌধুরী