ক্রীড়া ডেস্ক : একটি চার্টার্ড ফ্লাইটে ভারত থেকে ঢাকা পৌঁছান বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৩টায় আইপিএলে খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান। ইতিমধ্যে তার প্রথম করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাকিবের ফল নেগেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যে সাকিব আল হাসানের করোনা পরীক্ষা করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে।
ভারত থেকে দেশে ফেরায় সাকিবকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব থাকছেন গুলশানের একটি হোটেলে।
করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারতের সঙ্গে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ থাকায় সাকিবের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল। অনেক আলোচনার পর নিজ-নিজ ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছান। এবারের আইপিএলে সাকিব কলকাতা নাইট রাইডার্স এর হয়ে মাঠ মাতিয়েছেন।
সূচি অনুযায়ী ১৮ মে দেশে ফিরতেন সাকিব। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকলে তখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কঠিন হয়ে যেত। যেহেতু আগেই দেশে ফিরতে পেরেছেন, তাই ২৩ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজ খেলতে আর কোনও সমস্যা থাকার কথা নয়। কোয়ারেন্টাইন শেষ হবে আগামী ২০ মে। ফলে মাত্র দু্ই দিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। নেমেই তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। ১৯ মে থেকে তারা অনুশীলনে ফিরতে পারবে।
মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে লঙ্কানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
(ঊষার আলো-এমএনএস)
