ঊষার আলো রিপোর্ট : খুলনা র্যাব -৬ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটে রামপাল উপজেলায় অভিযান চালিয়ে দুই জন সন্ত্রাসীকে আটক করেছে। এদের নিকট থেকে ২ টি দেশী তৈরী পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ১ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক দুই সন্ত্রাসী হলো রামপাল উপজেলার কৈগরদাসকাঠি গ্রামের মালেক সেখের ছেলে মিকাইল সেখ(২৬) ও একই এলাকার হায়দার সেখের ছেলে বিল্লাল শেখ ওরফে বাবু(২৭)। খুলনা র্যাব -৬ এর সিনিয়র সহকারি পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ বজলুর রশিদ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গোঁপন খবরের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবাল গভীর রাতে রামপাল উপজেলার কৈগরদাসকাঠি গ্রামের জনৈক নুরুল সেখের বাড়ীর পাশে অভিযান চালিয়ে ওই দুইজন কে আটক করে। ওই সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয় করছিল বলে র্যাবের কাছে খবর ছিল। আটককৃতদের বুধবার সকালে অস্ত্রসহ রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।
