ঊষার আলো ডেস্ক : করোনার প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউনে ঈদযাত্রা রোধে এবার দেশের গুরুত্বপূর্ণ দু’টি ফেরিঘাটে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। শনিবার (৮ মে) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মূলত: সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য জেলা প্রশাসনের চাহিদানুযায়ী দুটি ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার দু’টি ফেরিঘাট মাওয়া ও পাটুরিয়ায় এই বিজিবি মোতায়েন থাকবে।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. ক. মহিউদ্দিন আহমেদ বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে শনিবার (৮ মে) থেকে এই দুই জেলায় বিজিবি সদস্যরা থাকবেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তারা সহযোগিতা করবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।
এর আগে নৌ-মন্ত্রণালয় শনিবার (৮ মে) লকডাউনের মধ্যে ঈদযাত্রা ঠেকাতে রাতে দু’টি ঘাটের ফেরি চলাচল বন্ধ করে নির্দেশনা জারি করে। কেবল লাশ, রোগী ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ফেরি চলাচল করবে। তবে শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত অনেকেই দু’টি ফেরিঘাটে গিয়ে ভিড় করে। এরপর যাত্রীদের চাপে ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ।
(ঊষার আলো-এমএনএস)
