ঊষার আলো ডেস্ক : রোদে দাঁড়িয়ে থালা-বাটি বাজিয়ে ‘গো করোনা গো’ স্লোগান। কোভিডের প্রথম ধাক্কায় এ ধরনের ‘দাওয়াই’য়ের সঙ্গে সকলেই পরিচিত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন ভুড়ি ভুড়ি টোটকা ঘুরে বেড়াচ্ছে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর উপায় শোনা গেছে, রাজনৈতিক নেতাদের কাছ থেকেও।
অধিকাংশ নেতারই দাওয়াই ছিল, করোনা ঠেকাতে গোমূত্র পান। সেই নেতাদের তালিকায় জুড়ল উত্তরপ্রদেশের ১ বিজেপি নেতার নাম। করোনা ঠেকাতে তিনি শুধু গোমূত্র পানের পরামর্শ দিয়ে থেমে যায়নি, কীভাবে-কখন পান করতে হবে, সে উপায়ও তিনি বলে দিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতা দাবি করেন, করোনা ঠেকানোর অব্যর্থ ওষুধ গোমূত্র। শুধু করোনাই ঠেকাবে না, শরীরকেও চাঙ্গা রাখবে ওই টোটকা।
উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি নেতা সুরেন্দ্র সিং। ৭ মে শুক্রবার তার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে ওই নেতাকে গোমূত্র পান করতে দেখা গিয়েছে। বালে দিয়েছে, সুস্থ থাকতে কীভাবে গোমূত্র পান করতে হবে।
সুরেন্দ্রের কথায়, গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছে এমনটাই দাবি তার।
ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা যায়, সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে। ২-৩ চামচ গোমূত্র এক গ্লাস জলে মেশাতে হবে। তারপর এক ঢোকে সেই জল উদরস্থ করতে হবে। তবে এই টোটকা সেবন করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই নেতা।
তার দাবি, গোমূত্র পানের আধঘণ্টা পর্যন্ত কোনও কিছু খাওয়া বা পান করা যাবে না। সুরেন্দ্রর কথায়, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা গেছে, শুধুমাত্র করোনা নয়, হৃদপিন্ডের রোগ সারাতেও গোমূত্রের জুড়ি মেলা ভার। এমনকী, তিনি রামদেবের সংস্থার গোমূত্র সেবনের পরামর্শ দিয়েছে। স্বাভাবিকভাবেই তার এই টোটকা ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
(ঊষার আলো- এম. এইচ)
