ঊষার আলো রিপোর্ট : নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন পশ্চিম মধ্যপাড়া গ্রামের মৃত বয়তুল্লাহ ছেলে আমির আলী (৭০) এবং তাঁর স্ত্রী আলেকা বেগম (৬৫)।
এলাকাবাসীরা বলেছেন, বৃদ্ধ আমির আলীর ১ ছেলে ও ২ মেয়ে। ২ মেয়ের বিয়ে হয়েছে। অপরদিকে, একমাত্র ছেলে আলতাফ হোসেন ঢাকায় একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করে। বৃদ্ধ দম্পতি গরমের কারণে ঘরের বাইরে চকির ওপরে মশারি টাঙিয়ে ঘুমাতেন। আজ সকাল ৭টার দিকে কাজে যাওয়ার আগে বৃদ্ধের নাতি নানার বাড়িতে আসেন। এসময়ে তাদের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। বিষয়টি পুলিশকে জানানো হলে বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।
ওসি নাজমুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ গ্রামবাসীর সাথে এবং স্বজনদের সাথে কথা বলে হত্যার কারণ কী এবং কেন হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা করছে।
(ঊষার আলো- এম. এইচ)
