UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

করোনামুক্ত হলেও খালেদা জিয়াকে যে কারণে বিদেশে নিতে চান তার পরিবার

ঊষার আলো
মে ৯, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তৃতীয়বার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছে। ৮ মে শনিবার রাতে তার ফলাফল নেগেটিভ আসে বলে নিশ্চিত করে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক মো. আল মামুন। খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসার পরও চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে আজ ৯ মে রোববার খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেছেন, চিকিৎসকদের পরামর্শেই বিদেশে চিকিৎসা করাতে চান তারা। তিনি বলেছেন, ‘যেহেতু তার ছেলে, ছেলের স্ত্রী, নাতনীসহ পরিবার লন্ডনে রয়েছে। এর আগেও তার চিকিৎসা সেখানে হয়েছে, তাই আমরা তাকে লন্ডনেই নিতে চাই।’
এর আগে, সরকারের অনুমতি পেলে চিকিৎসার জন্য কোথায় যাবেন বা কীভাবে যাবে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিনি বলেছেন, আমরা সরকারের অনুমতির অপেক্ষায় আছি। খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন করা আছে। সরকারের অনুমতি পেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি এয়ার অ্যাম্বুলেন্স নাকি চার্টার্ড ফ্লাইটে বিদেশ যাবে।
এদিকে আজ ৯ মে রোববার সকালে আইন মন্ত্রণালয় খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা যাত্রা। তবে আইন মন্ত্রণালয় বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কী মতামত দিয়েছে, তা এখনো জানা যায়নি।

(ঊষার আলো- এম.এইচ)