UsharAlo logo
, |

জুলুম-নির্যাতনের মধ্যেও মানবিক সেবায় অবিচল জামায়াত

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। শত প্রতিকূলতার মধ্যেও এই দল তার সামাজিক ও মানবিক কার্যক্রম কখনো বন্ধ রাখেনি। একদিকে জুলুম-অত্যাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চলছে, অন্যদিকে মানবিক সেবা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে জামায়াত। তিনি বলেন, “নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী আজ আস্থার প্রতীক।”

বৃহস্পতিবার খুলনা-৩ আসনের যোগীপোল ইউনিয়নের বাদামতলা এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এলাকাজুড়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয় এ সময়।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন,
“আমাদের নেতাকর্মীরা কখনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না। দেশের মানুষ ও প্রবাসীদের অধিকার আদায়ে জামায়াত সবসময় তৎপর থেকেছে। সুতরাং জামায়াতে ইসলামী শুধুমাত্র দেশে নয়, বিদেশের মাটিতেও জনপ্রিয় দল, আলহামদুলিল্লাহ।”

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ এবার চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। ২০০১ থেকে ২০০৫ সালে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও জামায়াতের কৃষি, শিল্প ও সমাজকল্যাণ—এই তিন মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়নি। তাই মানুষ আবারও জামায়াতের শাসন দেখতে আগ্রহী।”

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের মানুষ মৌলিক অধিকারের নিশ্চয়তা পায়নি। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তনের শুভসূচনা করতে জনগণকে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতই একমাত্র সক্ষম দল বলে দাবি করেন এ এমপি প্রার্থী।

তিনি বলেন,
“সুন্দর সোনার বাংলাদেশ গড়তে সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত উন্নত রাষ্ট্র নির্মাণে জামায়াতকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। এটি শুধু নির্বাচন নয় — জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।”

গণসংযোগ কর্মসূচিতে যোগীপোল ইউনিয়নের আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারি মনিরুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী