UsharAlo logo
, |

রিভলবার ও গুলিসহ দুইজন গ্রেফতার

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি রিভলবার, বিভিন্ন ধরনের গুলি ও কার্তুজ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে আবিদ হাসান রানার বাসার শয়নকক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় মো. সালাউদ্দিন আহমেদ (১৯) ও আবিদ হাসান রানা (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানকালে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি সন্ত্রাসী বাহিনীর সহযোগী হিসেবে কাজ করার তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তারা মহানগরীর বিভিন্ন এলাকায় সহযোগীদের কাছে অস্ত্র সরবরাহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করত বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।