UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বনায়ন কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার খুলনা সিটি কর্পোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে আয়োজিত বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বনায়ন বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, নগর সবুজায়ন এবং জলবায়ু সহনশীল নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তবে সামাজিক সচেতনতা ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়। এজন্য তিনি সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, বন সংরক্ষক ইমরান আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।