UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে রাতের আঁধারে সেতু ভেঙে খালে,দুর্ভোগে দুই পাড়ের শিক্ষার্থীসহ হাজারও মানুষ

তালতলী (বরগুনা) সংবাদদাতা
নভেম্বর ২৮, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া ও নয়াপাড়া এলাকায় রাতের আঁধারে হঠাৎ ভেঙে খালে পড়ল ১’শ মিটার দীর্ঘ লোহার সেতু। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পাড়ের যোগাযোগ। স্কুলে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শত শত শিক্ষার্থীর। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

শনিবার (২৮ নভেম্বর) ভোর রাতের দিকে মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয়ে গিয়ে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অবশেষে সেটি ভেঙে খালে পড়ে যায়।

এ সেতু দিয়ে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করেন। সেতুটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল বন্ধ হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান।

শিক্ষার্থী মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম জানায়, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হওয়া লাগতো । এখন সেতু ভেঙে যাওয়ায় স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। দ্রুত বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার দাবি সরকারের কাছে

মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এখানে দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা করা হবে।