UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ-মশাল মিছিল, গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২৯, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

আট দফা দাবি আদায়, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত।

কর্মসূচির সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ রাখতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পাটগাতী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল থেকে আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এদিকে, ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। মহাসড়কে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ, মশাল মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি।

ঊষার আলো-এসএ