UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পর্দা নামলো বইমেলার : সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি

koushikkln
মার্চ ১৭, ২০২২ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিলম্বে শেষ হলেও ৩১দিন পার করে শেষ হলো অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে বইমেলার। এবার মেলায় কম করে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ তার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

জালাল আহমেদ বলেন, ‘এবার বইমেলায় বাংলা একাডেমি এক কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি করেছে। মেলায় সর্বমোট বই বিক্রি হয়েছে কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকা। বাংলা একাডেমি মেলার শেষ দিকে এসে একটা জরিপ পরিচালনা করে থাকে। সেই জরিপের ভিত্তিতে সর্বমোট বিক্রির তথ্য পাওয়া যায়। এই সংখ্যাটা নিশ্চিত না হলেও মোটামুটি একটি অঙ্ক আমরা দাঁড় করাতে পারি। তবে বিক্রির সংখ্যাটা এর চেয়ে কম নয়, বেশিই হবে।’

২০২১ সালে করোনা মহামারির টালমাটাল অবস্থায় বইমেলায় বিক্রি হয়েছিল মাত্র তিন কোটি ১১ লাখ টাকা। তার আগের বছর ২০২০ সালে বইমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।

বইমেলায় নতুন বইয়ের তথ্য তুলে ধরে জালাল আহমেদ বলেন, ‘বইমেলায় এবার ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে ৯০৯টি বই মানসম্মত। আমরা প্রতি বছর বাংলা একাডেমি থেকে একটি কমিটির মাধ্যমে কতটি বই মানসম্মত হয়, সেটি নির্ধারণ করে থাকি। ২০২০ সালে ৪ হাজার ৯১৯টি বই প্রকাশিত হয়েছিল। ওই বছর মানসম্মত বই ছিল ৭৫১টি, শতকরা ১৫ শতাংশ ছিল মানসম্মত। এবার মোট প্রকাশিত বইয়ের ২৬ শতাংশ মানসম্মত। সুতরাং দেখা যাচ্ছে, ২০২০ সালের তুলনায় এবার ভালো মানসম্মত বই প্রকাশিত হয়েছে।’

শুভেচ্ছা ভাষণ দেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করেন ‘অমর একুশে বইমেলা ২০২২’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

২০২১ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২২’, ২০২১ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা গ্রন্থ বিভাগে আবুল হাসনাত সম্পাদিত বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক প্রকাশের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, জালাল ফিরোজ রচিত লন্ডনে বঙ্গবন্ধুর একদিন গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্স এবং সৈয়দ আবুল মকসুদ রচিত নবাব সলিমুল্লাহ ও তাঁর সময় গ্রন্থের জন্য প্রথমা প্রকাশনকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। ২০২১ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২২’ প্রদান করা হয়। ২০২২ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে নবান্ন প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন এবং পাঠক সমাবেশকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। অমর একুশে বইমেলা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত সব প্রকাশককে ৫০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।