ঊষার আলো প্রতিবেদক : নগরীর খালিশপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় সাবেক যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট (৩৭)সহ ২০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৬, তাং-২৭,০৩,২২ইং। ধারা-১৪৩/১৪৪/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০।
মামলার অপর আসামীরা হলেন নয়াবাটি মোড়ের সেলিমের ছেলে সাজু (২৭), সাজুর ছোট ভাই রাজ(২৫), দুর্বার সংঘ ক্লাবমোড়ের জামাল মোল্লার ছেলে রেজোয়ান রাজিব (৩০), লিবার্টি হলের পিছনের বাসিন্দা খলিলের ছেলে নোমান(৩৫)সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন। নয়াবাটি মোড়ের বাসিন্দা নুরুল হক কাজীর ছেলে ঝন্টু কাজী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এসআই শাহ আলম হাওলাদার।
খালিশপুর নয়াবাটি মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামীরা বাদীকে বিভিন্ন সময় নানাভাবে হেয় প্রতিপন্ন করে। তারা বিভিন্ন অনুষ্ঠান করলে বাদীকে ডাকে। কিন্তু খেটে খাওয়া মানুষ হওয়ার কারণে বাদী সব ডাকে সাড়া দিতে পারে না। এছাড়া আসামী হোয়াইটসহ তার সহযোগীরা বাদী ও তাঁর ভাইকে দিয়ে মাদক ব্যবসা করাতে চায়। বাদী রাজি না হওয়ায় আসামীরা তার ওপর ক্ষিপ্ত হন। এরই জের ধরে ২৪ মার্চ রাত ১২টার দিকে খালিশপুর বাংলামোড় অন্ধ মাদ্রাসার সামনে ট্রাক লোড করার সময় আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশী অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে। তারা বাদীকে ধারা অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া বাদীর পকেটে থাকা সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। বাদীর চিৎকারে পাশে থাকা নয়ন ছুটে এলে দুর্বৃত্তরা তাকে নির্যাতন করে। নয়নের কাছে থাকা ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব দু’জনের চিৎকারে পাশের লোকজন ছুটে আসে। তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।
