UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জিরোপয়েন্টে মাহেন্দ্র-বাস শ্রমিক সংঘর্ষে আহত ১

koushikkln
এপ্রিল ২, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সড়ক-মহাসড়কে অবাধে চলাচলকারী অবৈধ মাহেন্দ্র ও বিআরটিসি বাস যত্রতত্র যাত্রী তোলা, যাত্রী টানাটানি নিয়ে সাধারণ বাস শ্রমিকদের সাথে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে। তারই ধারাবাহিকতায় শনিবার (০২ এপ্রিল) সকাল ১১টায় জিরোপয়েন্ট এলাকায় মাহেন্দ্রার চালকের সাথে সাধারণ বাসের শ্রমিকদের যাত্রী টানাটানি নিয়ে সংঘর্ষ হয়। এতে একজন বাস শ্রমিক আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য বাসের শ্রমিকরা জড়ো হয়ে প্রতিবাদ করে। তারা বাস চলাচল বন্ধ করে দেয়। প্রায় আধা ঘন্টা তাদের খুলনা-সাতক্ষীরা সড়ক অবোরোধ করে রাখে। পরে হরিণটানা থানার অফিসার ইনচার্জ এসে উত্তেজিত শ্রমিকদের আশ্বস্ত করেন। তখন শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত করে। এরপর বাস চলাচল আবার স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, বিআরটিসি বাস এক ডিপো থেকে আরেক ডিপো পর্যন্ত চলাচলের নিয়ম রয়েছে। কিন্তু তারা সে নিয়ম ভংগ করে খুলনার নিউ মার্কেট, রূপসা, ময়লাপোতা, গল্লামারি, জিরোপয়েন্ট, চুকনগর, সাতক্ষীরা প্রতিটি ঘাটে ঘাটে তারা লোকাল যাত্রী বাসে তোলে।

এছাড়া অবৈধ মাহেন্দ্রা মহাসড়কে চলাচলের কোন বৈধতা নেই। তারাও শুভাশুনী, আঠারো মাইল, কেশবপুর, চুকনগর, ডুমুরিয়া সড়কে অবাধে চলাচল করছে। এসব অবৈধ গাড়ী যাতে মেট্রোর ভিতর ঢুকতে না পারে এবং মহাসড়কে চলাচল করতে না পারে এ জন্য আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।