ঊষার আলো ডেস্ক : জাপান ভিত্তিক দাতা সংস্থা জাইকার সিফোরসি-২ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের এক সভা ০৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আব্দুল খালেক। প্রকল্পের আওতায় আগামী ৩ বছরের জন্য কেসিসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাজেট ম্যানেজমেন্ট ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
সভায় সিটি মেয়র বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদানে কেসিসি কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে কাজ করছে। কেসিসি’র এই প্রচেষ্টার সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আমাদের প্রচেষ্টা’কে আরো ত্বরান্বিত করবে। তিনি জাইকা প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে সংস্থাটি আমাদের দেশের উন্নয়নের সাথে সবসময় সম্পৃক্ত হয়ে আছে। সিটি মেয়র খুলনা মহানগরীর উন্নয়নেও সংস্থাটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিফোরসি-২ প্রকল্প বাস্তবায়ন শেষে খুলনার উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হলে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আগত প্রতিনিধি দল আশ্বস্ত করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের চীফ এ্যাডভাইজার নাওকো এনজাই, সিটি গভর্ন্যান্স স্পেশালিষ্ট মনি মালা রায়, পাবলিক একাউন্টিং স্পেশালিষ্ট এম এ কুদ্দুস, কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজিবুল আলম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী অফিসার ডা. মোঃ রেজাউল করিম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক সহ বিভাগ ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।
