UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাল্টাপাল্টি দোয়া ও ইফতার নিয়ে ফের উত্তাপ মহানগর বিএনপিতে

koushikkln
এপ্রিল ১২, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও শুভ্যানুধ্যায়ীদের সম্মানে দুটি পক্ষের দোয়া ও ইফতার মাহফিল নিয়ে ফের উত্তাপ লেগেছে মহানগর বিএনপিতে। একই দিনে পৃথক স্থানে দোয়া ও ইফতার মাহফিল নিয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে আয়োজনের পরতে পরতে এ প্রতিযোগীতা চলছে।

১১ রমজান (১৩ এপ্রিল) খুলনা ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি খুলনা মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি থাকলেও তা পরিবর্তন হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য শাহারুজ্জামান মোর্তজা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন।

অপরদিকে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা মহানগরীর বিশিষ্ট নাগরিকবৃন্দ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল বুধবার। নগরীর শিববাড়ি মোড়স্থ হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অবশ্য এ আয়োজনে দলটির বর্তমান কোন নেতা থাকছে না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানে আমন্ত্রিতদের ইফতার ও দোয়া মাহফিলে শরীক হওয়ার আহবান জানিয়েছেন ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মীর কায়সেদ আলি এবং সদস্য সচিব মো. মাহাবুব কায়সার।

সাবেক নেতৃবৃন্দের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেছেন, তারা দলের পদ থেকে সরে দাড়িয়েছেন, এই অর্থ মানে দলীয় আর্দশ থেকে সরে দাড়াননি। তাদের সাথে এখনও সিংহভাগ নেতাকর্মী রয়েছেন। তৃণমূলের এসব কর্মীদের আগ্রহে পবিত্র রমজান উপলক্ষে দলীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘ জীবন কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে কারো বিরোধীতা নয়।

কেন্দ্রীয় নেতারা যখন খুলনায় তখন একই দিনে একই অনুষ্ঠান প্রসঙ্গে ওই নেতারা বলেন, কেন্দ্রীয় নেতাদেরও বিষয়টি দেখা উচিত, তৃণমূলের কর্মীরা কোন অবস্থানে রয়েছে। দলটিতে যে নেতৃত্ব চাপিয়ে দিয়েছে, তারা নেতৃত্ব দিতে ব্যর্থ। কিন্তু অনেকে ইচ্ছে থাকলেও প্রকাশ্য হচ্ছেন না। যারা দীর্ঘদিন জীবন বাজী রেখে লড়াই করেছেন, তাদের বঞ্চিত করা হয়েছে। এতে করে গণতন্ত্রের সংগ্রাম বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে সাবেক নেতৃবৃন্দের ব্যানারে পাল্টা কর্মসূচিকে হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন দলটির বর্তমান কমিটির নেতারা।
তারা বলেছেন, আমরা এখন এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখাতে চাইনা। দলে দীর্ঘদিন ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে রাখা হয়েছিল। নতুন কমিটি গঠনকালে সকলকেই ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা দলের শীর্ষনেতাদের সিদ্ধান্ত মানেননি। উল্টো তাদের কর্মকাণ্ড দল বিরোধী। যা তৃণমূলের নেতাকর্মীদের বিভ্রান্তে ফেলছে। আমরা আশা করছিলাম, তারা (সাবেক নেতৃবৃন্দ) ভুল বুঝতে পারবে। তারা বাস্তবতা বোঝেনি। এতে শুধু তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে না, দলকেও বিপাকে ফেলবে।