UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টেস্টে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ১৮ সদস্যের দল ঘোষণা

koushikkln
মে ৪, ২০২২ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। সেখানে নতুন করে ফিরেছেন ওশাডা ফার্নান্ডো। দলে রয়েছেন ২১ বছর বয়সী আনক্যাপড টপ অর্ডার ব্যাটার কামিল মিশারা। সম্প্রতি টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই ব্যাটসম্যানের। আনক্যাপড হিসেবে দলে ডাক পড়েছে বামহাতি পেসার দিলশান মাদুশঙ্কারও।
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ডাক পড়েছে ওশাডার। ২১ বছর বয়সী পেসার দিলশানও দীর্ঘ দিন ধরে টেস্ট দলের রাডারে ছিলেন। তবে দলে জায়গা হয়নি লাহিরু থিরিমান্নে, চারিথ আসালাঙ্কা, লাহিরু কুমারা ও দুশমন্থ চামিরার।
ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় থাকা জেফরে ভ্যান্ডারসে অবশ্য এই সিরিজে এখনও ডাক পাননি। তবে সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা কাসুন রাজিথা টেস্ট দলে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। ভারত সিরিজে ডাক না পাওয়া রামেশ মেন্ডিস, সুমিন্দা লাকসান ও আসিথা ফার্নান্ডো বাংলাদেশ টেস্ট সিরিজে ফিরেছেন।
আগামী ৮ মে বাংলাদেশে এসে পৌছাবে লঙ্কানরা। দুই টেস্টের প্রথমটা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে থেকে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। ৮ মে বাংলাদেশে এসে মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১১ ও ১২ মে প্রস্তুতি ম্যাচটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে।
শ্রীলঙ্কা ১৮ সদস্য বিশিষ্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান দিকবেলা, দিনেশ চান্ডিমাল, রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা, প্রবীন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।

ঊআ-বিএস