UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দ্বিতীয় দিনে শিমুলিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ

koushikkln
মে ৪, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো ডেস্ক: ঈদের দ্বিতীয় দিনে শিমুলিয়া ফেরি ঘাটে যানবাহনের ব্যাপক চাপ। যাত্রাপথে ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের পরে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছেন। এ কারণে বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ হঠাৎ আরও বেড়ে যায়।
যানবাহনের চাম কম থাকবে এমন প্রত্যাশায় ঈদের পরের দিন যাত্রা করেও শিমুলিয়া ঘাটে এসে বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। ফেরির জন্য ঘাটে খুব সকাল থেকে অপেক্ষা করছে শত শত যানবাহন। সকালে ঘাটে ব্যক্তিগত গাড়িসহ চার শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হুদা বলেন, সকাল থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে প্রচুর মানুষ আসছে শিমুলিয়ায়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে করে দ্রুত যাত্রীরা প্রমত্তা পদ্মা পাড়ি দিচ্ছেন।
যদিও সকালে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পরে লঞ্চ ও স্পিডবোট পুনরায় চালু হয়েছে। লঞ্চ ও স্পিডবোটেও ঘরমুখো মানুষের চাপ রয়েছে। এদিকে বুধবার সকাল থেকে ঘাটে নয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফিরতি পথে বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট থেকেও যানবাহন ও যাত্রীর চাপ রয়েছে বেশ। উভয় পাশে যানবাহনের চাপ থাকায় ফেরিগুলো লোড-আনলোডে বেশি সময় লাগছে।

ঊআ-বিএস