ঊষার আলো রিপোর্ট : মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপএল) ছেড়ে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই, অ্যাজাম জাম্পা এবং কেন রিচার্ডসন। এমনকি ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও টুর্নামেন্ট ছেড়ে দিয়েছেন। এর পূর্বে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। শোনা যাচ্ছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসিও টুর্নামেন্ট গুডবাই জানিয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি তিনি।করোনাভাইরাস পরিস্থিতি ভারতে ক্রমেই অবনতি হচ্ছে।
সোমবার(২৬ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সেখানে মৃত্যু হয়েছে দুই হাজার ৮১২ জন। এখন পর্যন্ত দেশটিতে ১দিনে সর্বোচ্চ মৃত্যু। ভারতে নিত্যদিন অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে আইপিএল হওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এরই মধ্যে ২ প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও শোয়েব আক্তার আইপিএল বন্ধের দাবি তুলেছেন। আইপিএলের ভবিষ্যৎ কোন দিকে তা এখনও নিশ্চিত নয়। বিসিসিআই ও আইপিএল দলগুলোর তরফ থেকে ক্রিকেটারদের আশ্বস্ত করা হলেও আতঙ্ক কাটছে না তাঁদের। গতকাল(২৫ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদে পৌঁছেছে। সাকিবদের প্রত্যেকের পরণে ছিল পিপিই, ফেসশিল্ড, গ্লাভস ও মাথার টুপি।
ভারতে মহামারী করোনা পরিস্থিতির মাঝেও আইপিএলের উন্মাদনায় ঘাটতি পড়েনি। কিন্তু এবার গ্যালারিতে সমর্থকদের মাতামাতি নেই। বিজ্ঞাপনের হিসেব বলছে, টিভিতে আইপিএল দেখার দর্শক সংখ্যা আগের মতোই রয়েছে। সারা দেশ যখন করোনার বিরুদ্ধে লড়ছে তখন আইপিএল আয়োজন ঝুঁকিপূর্ণ নয় কি! করোনার সংক্রমণ প্রকোপ আকার ধারন করায় ব্যক্তিগত কিংবা ভাড়া করা বিমানে দেশ ছেড়ে পালাচ্ছেন ভারতীয় ধনীরা। রোববার নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যটি আরও জানিয়েছে, অধিকাংশ ধনী ভারতীয়ের গন্তব্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। স্বল্প দূরত্ব ও অনেক বেশি ফ্লাইট পরিচালিত হওয়ায় মধ্যপ্রাচ্যের এ দেশটিকে বেছে নিয়েছেন তারা।
(ঊষার আলো-আরএম)
