ঊষার আলো রিপোর্ট : ঈদে বাড়তি ছুটির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ ১০ মে সোমবার সকাল ৮টা থেকে বিশ্বাসপাড়া এলাকার স্টারলিং ডিজাইন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে।
কালিয়াকৈরে থানার উপ পরিদর্শক (এস আই) জুয়েল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
বিক্ষোভরত শ্রমিকরা বলেন, প্রতিদিনের মতো আজও সকাল ৮ টায় কাজে আসে তারা। কাজে যোগদান করার পরে জানতে পারেন ঈদে ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে। পরে কাজ বন্ধ করে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর তারা সড়ক ছেড়ে কারখানার সামনেই বিক্ষোভ করতে থাকে।
ওই কারখানার এক শ্রমিক বলেছেন, ‘আমাদের ঈদের ছুটি দিয়েছে ৩ দিন। কিন্তু কমপক্ষে আমাদের ১০ দিনের ছুটি দিতে হবে। ১০ দিনের ছুটি না দিলে এই বিক্ষোভ চলতে থাকবে।’
অপর একজন শ্রমিক বলেছে, ‘আমরা ৩ দিনের ছুটি বাড়ানো জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। কিন্তু কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়ে আজ আমরা শ্রমিকরা বিক্ষোভ আন্দোলনে নেমেছি।
(ঊষার আলো- এম. এইচ)
