বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলী (৭৫)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৯ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকালে মরহুমের মরদেহ নগরীর টুটপাড়াস্থ নিজ বাড়িতে নেওয়া হলে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর শোকাবহ উপস্থিতিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদরাসা ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেডিএ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসাইন। এতে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
প্রথম জানাজা শেষে মরদেহ মরহুমের গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরে নেওয়া হয়। সেখানে শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. শেখ ইউনুস আলী। পরে পারিবারিক কবরস্থানে তার পিতা শেখ ইমান আলী ও মাতা নূরজাহান বেগমের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আগামী ১৬ জানুয়ারি শুক্রবার জুম্মাবাদ রূপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে মরহুমের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।