UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটের প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ, পিইঞ্জ-এর চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।

বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ তাঁর বক্তব্যে কুয়েটে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কুয়েটের সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান প্রকৌশলীর বর্ণাঢ্য ও নিষ্ঠাপূর্ণ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর অবদান কুয়েট পরিবার চিরদিন স্মরণ করবে। তারা তাঁর সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী এবং বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোহন চৌধুরী