খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামী ২৬ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট সাত দিন শীতকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে।
এতে আরও জানানো হয়, অবকাশকালীন সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি ভোগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কর্মস্থল ত্যাগ করতে হবে। তবে বিদ্যুৎ, পানি সরবরাহ, চিকিৎসা, ইন্টারনেট সেবা, নিরাপত্তা, যানবাহন ও জরুরি মেরামতসহ জরুরি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, অবকাশকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন করলে বিধি অনুযায়ী তাদের অর্জিত ছুটি প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঊআ-মোহন চৌধুরী
