UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুরিয়ারকর্মী নাহিদ হত্যাসহ ৩ মামলার প্রতিবেদন ১৫ জানুয়ারি

ঊষার আলো
ডিসেম্বর ১১, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কুরিয়ারকর্মী নাহিদ হত্যাসহ তিনটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১১ ডিসেম্বর) মামলা তিনটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী নতুন দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাফায়েত হোসেন এ তথ্য জানান।কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা ছাড়াও বাকি মামলাগুলো হলো—পুলিশের ওপর হামলা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

চলতি বছরের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘাত রাতে নিয়ন্ত্রণে আসলেও পরদিন সকাল ১০টার পর থেকে ফের শুরু হয়।

দুপক্ষের সংঘর্ষে নিহত কুরিয়ারকর্মী নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। দুই মামলায় নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে ও ৩০০ অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলায় অজ্ঞাত পরিচয়ে ঢাকা কলেজের ৭০০ ছাত্রকে আসামি করা হয়েছে।

ঊষার আলো-এসএ