খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও প্রস্তুতি নিয়ে ‘স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস’ শীর্ষক এক প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউএস অ্যাম্বাসি ঢাকা’র এডুকেশন উইং-এর উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন গড়তে প্রয়োজন বড় স্বপ্ন দেখা, পরিকল্পনা করা এবং তা বাস্তবায়নে অবিচল প্রচেষ্টা চালানো। দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের অসংখ্য সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, ইউএস অ্যাম্বাসির এ উদ্যোগ কেকেবিএইউর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার একাডেমিক পরিবেশ, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি, জীবনযাত্রা এবং করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন এডুকেশন ইউএসএ অ্যাডভাইজার আহম্মেদ মোস্তফা রাব্বি ও শাইনান রহমান। তারা বলেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনার বিভিন্ন সুযোগ, নির্ভুল তথ্য এবং হালনাগাদ নির্দেশনা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
অতিথিরা কেকেবিএইউর শান্তিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ ও মানসম্মত শিক্ষার প্রশংসা করেন। সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সংক্রান্ত নানা বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন, যা সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই, বিবিএ, ইংরেজি ও আইএসএলএম বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
ঊআ-মোহন চৌধুরী
