খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় নগর উন্নয়ন ও নাগরিক সেবা সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্পের আওতায় গ্যারেজ সম্প্রসারণের জন্য সংলগ্ন জমি অধিগ্রহণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ অনুযায়ী ট্রেন্সিং গ্রাউন্ডের নির্ধারিত দূরত্বে আবাসিক প্রকল্প না করার বিধিনিষেধ কার্যকর রাখা এবং খুলনা ওয়াসা কর্তৃক সড়ক খনন কার্যক্রম আপাতত বন্ধ রাখা।
এছাড়া বকেয়া বিজ্ঞাপন কর আদায়ে সময়সীমা নির্ধারণ, অননুমোদিত বিলবোর্ডের ভাড়া আদায় এবং বকেয়াদার প্রতিষ্ঠানকে নতুন বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শহর উন্নয়ন (ফেজ-২) প্রকল্প আংশিক বাস্তবায়ন, যানজট নিরসনে ইজিবাইক নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, বিদ্যুৎ বিল পরিশোধে সুপারিশ প্রণয়নের জন্য পৃথক কমিটি গঠন এবং বর্ষার আগে ড্রেন পরিষ্কারে ১২টি ওয়ার্ডে জরুরি উদ্যোগ গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ট্রেড লাইসেন্স নবায়নে চলতি অর্থবছরের জন্য সারচার্জ মওকুফ করা হবে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে লবনচরা এলাকার খাল পুনঃসংযোগ ও অতিরিক্ত পাইপ স্থাপন, দালান ও সেমিপাকা ভবনের পৌরকর পুনর্নির্ধারণ এবং নামপত্তন ফি নির্ধারণে কমিটি গঠন করা হয়।
এছাড়া সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ময়ূর ব্রিজ পর্যন্ত সড়কের নাম ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাই-এর নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে কেসিসি’র প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর এবং নগরীর ডাকবাংলো মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। সীমিত জনবল ও অর্থের মধ্যেও এসব সমস্যা সমাধানে কাজ চলছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলার পাশাপাশি খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের পরিচালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সংস্থার কর্মকর্তা এবং কেসিসি’র বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।
ঊআ-রহ
