UsharAlo logo
, |

খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, আইন ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি একাডেমিক ভবন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মোট ৭ হাজার ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৮ দশমিক ৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের হলরুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শরিফ মোহাম্মদ খানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধি দল।

এছাড়া কন্ট্রোল রুম ও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত স্কুলগুলোর ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরীক্ষার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। সামগ্রিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

ঊআ-মোহন চৌধুরী