মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে সেইলর প্রেজেন্টস ‘লাল সবুজের বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’। নগরীর জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট খুলনার ক্রীড়াঙ্গনে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে খসরু ও পলক জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে রিফাত ও গালিব জুটি রানারআপ হওয়ার কৃতিত্ব দেখান।
গতকাল সন্ধ্যায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠন জনউদ্যোগ যুব সেলের আহ্বায়ক জয় বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি এমন সফল ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সেইলর বিডি-এর খুলনা ইনচার্জ সৈয়দ রাসেদ, চ্যানেল আই-এর বিভাগীয় প্রতিনিধি ও ভয়েস অব টাইগারের পরিচালক সুনিল দাস, মোহনা টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি শহিদুল হাসান, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন এবং ইভেন্টের ফুড পার্টনার ‘সেই-স্বাদ’-এর স্বত্বাধিকারী সালমান শিকদার।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়।
ঊআ-মোহন চৌধুরী
