প্রতিবেদক: মোহন চৌধুরী
সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে খুলনায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ‘দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন’।
শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা সদর থানা পুলিশের সহযোগিতায় সদর থানা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শতাধিক মানুষের হাতে এক বেলার খাবার তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি শাহারিয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মতো মানবিক উদ্যোগ নেওয়ায় যুবকদের ধন্যবাদ জানাই। আগামীতে মানুষের কল্যাণে ও দেশের প্রয়োজনে যুবসমাজকে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের তরুণেরা ভবিষ্যতে দেশব্যাপী মানুষের কল্যাণে কাজ করবেন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির (কেডিএস) চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম শিমুল এবং বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা রাকিবুজ্জামান।
শিশির রঞ্জন মল্লিক বলেন, আগামীতে মানুষের কল্যাণে এবং দেশের প্রয়োজনে সংগঠনের যুবকেরা আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবেন।
সভাপতির বক্তব্যে শাহারিয়ার খান বলেন, তাঁরা সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আব্দুস সালাম শিমুল বলেন, মানবকল্যাণ ও সমাজের উন্নয়নের লক্ষ্যেই ‘দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিককে ধন্যবাদ ও সাধুবাদ জানান।
রাকিবুজ্জামান বলেন, সংগঠনটির কার্যক্রম দেখে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকার যুবক এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ মানবিক কাজে এগিয়ে আসবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাজ ফরাজী, সদস্য শাহারিয়ার ইমন, সজিব তালুকদার, সোহাগ বাবু, সিফাত খান, হাসনাত তাইন, অরণ্য সরদার ও ইমরান হোসেন, দৈনিক বর্তমান কথার জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঊষার আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও নিউজ ইনচার্জ মোহন চৌধুরী।
ঊআ-মোচৌ
