বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা-৩ আসনের আড়ংঘাটা থানাধীন ১নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আগামী নির্বাচনে জনগণকে ন্যায্য ভোট দিয়ে পরিবর্তনের সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দেশের জনগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের তরুণ সমাজ ন্যায় এবং ইনসাফের পক্ষে নিরলসভাবে কাজ করছে। ৫০ বছরের ভুল শুধরানোর সুযোগ হিসেবে মানুষ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনতে চায়। তিনি দেশের বড় চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের বিজয়কে দেশের পরিবর্তনের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন আড়ংঘাটা থানার ১নং থেকে ৭নং ও ৯নং ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, ওলামা বিভাগের সভাপতি ইমাম মাহাদী আল হাদী, আড়ংঘাটা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ছাত্রশিবিরের থানা সেক্রেটারি মো. শামীম হোসেন প্রমুখ।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, জনগণের সহায়তায় জামায়াত সরকার গঠন করলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত সমাজ নিশ্চিত করা সম্ভব। তিনি জনগণকে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
ঊআ-মোহন চৌধুরী
