UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে: শারমীন এস মুরশিদ

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিগত নির্বাচনগুলোতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। প্রতিটি নাগরিক যেন ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে তরুণ সমাজ এবং দেশের মোট জনসংখ্যার ৫২ শতাংশ নারী। তরুণদের স্বপ্ন ছাড়া গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। একইভাবে ৫২ শতাংশ নারীকে উপেক্ষা করে কোনো অগ্রগতি সম্ভব নয়। যারা নারী সমাজকে অবজ্ঞা করে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন, তারা বড় ভুল করছেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে পুরুষদের পাশাপাশি হাজার হাজার নারী প্রথম সারিতে দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। নারীরা বারবার প্রমাণ করেছেন যে তারা দেশের প্রতিটি সংকটে সাহসী ভূমিকা রাখতে সক্ষম। সময় এসেছে তরুণদের স্বপ্নে দেশ গড়ার। আমরা স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখে তরুণরা। নেতৃত্ব দেবে তরুণরা, আর আমরা তাদের অনুসরণ করবো।

নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান উপদেষ্টা।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, সাংবাদিক এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

পরে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

বিকালে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন।

ঊআ-মোহন চৌধুরী