UsharAlo logo
, |

দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

ঊষার আলো ডেক্স
এপ্রিল ২২, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দাকোপ উপকূলীয় এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার ঝুঁকি বেশি। তাই দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা কমপ্লেক্স হলরুমে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন। ডিআরআর-সিসিএ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে সভার আয়োজন করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সহিদুল্লাহ’র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু। তিনি বলেন, দুর্যোগ মৌসুমে আশ্রয়কেন্দ্রগুলো ব্যবহারের উপযোগী রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে আরও সক্রিয় করতে হবে এবং সিপিপি সদস্যদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে আগাম সতর্কবার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আবুল বাসারসহ সিপিপি প্রধান এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঊআ-রহ