UsharAlo logo
, |

নতুন বাংলাদেশ গঠনে তরুণদের প্রথম ভোট সৎ নেতৃত্বের পক্ষে ব্যবহারের আহ্বান

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, তাঁদের প্রথম ভোটটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতকে শক্তিশালী করতেই ব্যবহার করতে হবে। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের সমর্থন দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

রোববার (১৪ ডিসেম্বর) খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার রাড়–লী ও গদাইপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একমাত্র পথ হলো ইসলামের আদর্শকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। বাংলার জমিনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়, সততা ও সমৃদ্ধির পতাকা উড্ডীন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মা-বোনসহ হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে ন্যায় ও ইনসাফের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গ্রাম-গঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে একটি মহল বিভ্রান্তিতে পড়েছে। তাদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো বেহেস্তের টিকিট বিক্রি করে না। আলেম-উলামা ও পীর-মাশায়েখরা পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষার আলোকে মানুষকে জান্নাত ও জাহান্নামের পথের পার্থক্য বুঝিয়ে দেন। কোন পথে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং কোন পথে চললে ধ্বংস অনিবার্য—সে শিক্ষা মানুষের সামনে তুলে ধরাই তাঁদের দায়িত্ব।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারি মো. অয়েসকুরুনীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী এবং স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ঊআ-মোহন চৌধুরী