বাংলাদেশে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এক এডভোকেসি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খুলনায় ব্র্যাক লার্নিং সেন্টার অডিটরিয়ামে “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর খুলনা মোঃ শফিকুল ইসলাম, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় ব্যানার্জিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও নারী নির্যাতন বন্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী, কিশোরী ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা রোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তারা আরও বলেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা প্রদান, ভুক্তভোগীদের মনোসামাজিক সহায়তা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই কর্মসূচির মাধ্যমে অনেক নারী ও কিশোরী সহিংসতার শিকার হওয়া থেকে রক্ষা পেয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখছে। সভা থেকে নিজ নিজ অবস্থান থেকে লিঙ্গ সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ঊআ-মোহন চৌধুরী
